বিএনএ, স্পোর্টস ডেস্ক : নয় জনের কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে কানাডা। সহ-আয়োজক কানাডার হয়ে হ্যাটট্রিক করেছেন তারকা স্ট্রাইকার জোনাথন ডেভিড।
এছাড়া স্কোরশিটে আরও নাম লিখিয়েছেন কাইল লারিন ও ন্যাথান সালিবা। অন্য গোলটি হয়েছে আত্মঘাতি।
বি-গ্রুপে শীর্ষে থেকে কানাডার নক আউট পর্বে যেতে হলে শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্র করলেই চলবে।
যদিও কানাডার এই উদযাপন ম্যাচ শেষে অনেকটাই বিষাদে পরিনত হয়েছে। ৫১ মিনিটে মিডফিল্ডার ইসমায়েল কোনের গুরুতর ইনজুরি দু:শ্চিন্তায় ফেলেছে স্বাগতিকদের। কাতারের আসিম মাদিবো পিছন থেকে বাজে ভাবে ট্যাকেল করলে মাঠ ছাড়তে বাধ্য হন ইতালিয়ান সিরি-এ লিগ খেলা এই মিডফিল্ডার। ফাউলের পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
ঐ ট্যাকেলের কারনে হলুদ কার্ড পাওয়া মাদিবোকে ভিএআর রিভিউর শেষে লাল কার্ড প্রদান করা হয়। এর আগে প্রথমার্ধে হোমান এল-আমিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কাতার ৯ জনের দলে পরিনত হয়।
আর এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছে কানাডা। ইনজুরিতে মাঠ ছাড়া কোনের স্থানে খেলতে নামা সালিবার কার্লিং ফ্রি-কিকে ৬৪ মিনিটে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। আরেক বদলী খেলোয়াড় জ্যাকব সাফেলবার্গের এ্যাসিস্টে কানাডা ৫-০ গোলে এগিয়ে যায়। তার জোড়ালো শট ডিফেন্ডার মোহাম্মদ মানাই ক্লিয়ার করতে গেলে নিজেদের জালেই জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় ডুবে কাতার।
এর আগে ১৬ মিনিটে কাইল লারিনের গোলে এগিয়ে গিয়েছিল কানাডা। ডেভিড প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

