বিএনএ ডেস্ক: দেশে জ্বালানি তেলের বাজারে তৈরি হওয়া অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে – ডিজেল, অকটেন ও পেট্রোলের অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ করে বাড়ানো হচ্ছে।
জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। এদিকে সরবরাহও গত বছরের গড় হিসাবের তুলনায় বেশি ছিল। তারপরও বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের সহায়তায় পাম্পভিত্তিক নতুন বরাদ্দ নির্ধারণের কাজ চলছে।
এদিকে গত রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করা হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। তাদের মতে, দামের এই সমন্বয়ের ফলে অস্বাভাবিক মজুতের প্রবণতা কমবে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে।
পাম্প মালিকরা মনে করছেন, চাহিদা ও সরবরাহের ভারসাম্য ফিরলে ভবিষ্যতে এ ধরনের সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
বিএনএ/শাম্মী
![]()

