বিএনএ, ঢাকা: সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, ‘ভালো থাকুক বাংলাদেশ।’ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের মামলায় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে কারাগারে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।
এ সময় ব্যারিস্টার সুমন বার বার একই কথা বলতে থাকেন- ‘দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে, ভালো থাকুক বাংলাদেশে।’ অন্য আসামিরা এসময় মাথা নিচু করে চুপচাপ ছিলেন।
আজ (বুধবার) সকালে কারাগার থেকে ব্যারিস্টার সুমনসহ ৭ জনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ওঠানো হয়। এসময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে আদালতে থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিদের হাজতখানায় নেওয়া হয়।
গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
মামলার এজাহারে উল্লেখ আছে, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের শেষ দিনে যাত্রাবাড়ী থানার সামনে মো. রিয়াজ নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন । পরে এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিএনএ/শাম্মী
![]()

