বিএনএ, ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য-উপাত্ত তুলে ধরছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল সেই জামায়াত তাদের বংশধর, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তর করেছেন। এখন আমাদের স্বপ্ন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা।
হাছান মাহমুদ বলেন, আজকে মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ২ লাখ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিল। আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে বাংলাদেশ গত চৌদ্দ বছরে অভাবনীয় উন্নতি সাফল্য করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে, বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশের উন্নয়ন আজকে বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সবাই প্রশংসা করছে।
বিএনএ/এমএফ
![]()

