বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকার মিরপুর রোডে গণভবনের সামনে বিতরণ লাইনের একটি চার ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য গ্যাস বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রাখা হয়েছে। এসব ভালব বন্ধ রেখে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে গ্যাসের নিরাপত্তা সংক্রান্ত বিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামত কাজ শেষ হলে ধাপে ধাপে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু করা হবে। তবে কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্ন অব্যাহত থাকতে পারে।
বিএনএ/শাম্মী
![]()
