বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানাটি সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে।
আজ শনিবার (৯ মে) দুপুর থেকে কারখানাটিতে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল জানান, প্রতিষ্ঠানটি শুরু থেকেই দুটি বড় সার কারখানা, সিইউএফএল এবং কাফকো থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছে। গ্যাস সংকটে দুটি কারখানা বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়।
মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও সাময়িকভাবে বন্ধ করতে হয়। কাফকো উৎপাদনে ফেরায় আমরা আবার অ্যামোনিয়া পাচ্ছি। কিছুদিন মজুত করার পর শনিবার দুপুর থেকে কারখানায় উৎপাদন শুরু হয়।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত ডিএপিএফসিএল কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কারখানাটির দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) মিলিয়ে দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টন।
বিএনএ/শাম্মী
![]()

