বিএনএ, বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) সদস্য হেগেরা চাকমা (৫০)কে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার (৯ মে) ভোরে উপজেলার সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করেন। সকাল পৌনে ৬টার দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে ওত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।’
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক– দুটি দলই সক্রিয় রয়েছে।’
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘গুলিতে একজনকে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।’
বিএনএ/শাম্মী
![]()

