বিএনএ, বিশ্বডেস্ক: কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের কাছে বাকি থাকা বিলিয়ন ডলারের প্রথম কিস্তি পরিশোধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র । শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। ।
তিনি বলেছেন, খুব শিগগিরই আপনারা অর্থের একটি প্রাথমিক কিস্তি দেখতে পাবেন। মোট অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি, তবে বিষয়টি কয়েক সপ্তাহের মধ্যেই ঘটবে।
জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিয়মিত জাতিসংঘ বাজেটের বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছেই পাওনা। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২.১৯ বিলিয়ন ডলার। এর বাইরে শান্তিরক্ষা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের আরও ২.৪ বিলিয়ন ডলার এবং জাতিসংঘ ট্রাইব্যুনালের জন্য ৪৩.৬ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘ গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে। বকেয়া চাঁদা পরিশোধ না হওয়ায় ১৯৩ সদস্যের এই সংস্থাটি ‘তাত্ক্ষণিক আর্থিক ধসের’ ঝুঁকিতে পড়েছে, যার বড় অংশই যুক্তরাষ্ট্রের কাছে পাওনা।
বিএনএ/শাম্মী
![]()

