30.3 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাসের দাবিতে সড়ক অবরোধ

গ্যাসের দাবিতে সড়ক অবরোধ


বিএনএ, ধামরাই: ঢাকার ধামরাইয়ে আবাসিকে পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের আশ্বাসে পরে তারা অবরোধ তুলে নেন।

আজ সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন। তিনি অবরোধকারীদের উদ্দেশ্যে জানান, এই বিষয়টি গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানে উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের এমন আশ্বাসে বেলা ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন ।

বাসিন্দারা জানান, গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকরা প্রায় দুই বছর ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না। ফলে বাধ্য হয়ে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার ও কাঠসহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। কিন্তু গ্যাস ব্যবহার করতে না পারলেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় গ্রাহকরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, ডিআরএসের পূর্ব পাশে থাকা একটি রি-রোলিং মিল এবং কালামপুর বিসিক শিল্পনগরীসংলগ্ন একটি সিরামিক কারখানা অবৈধভাবে বুস্টার ব্যবহার করে অতিরিক্ত গ্যাস টেনে নেওয়ায় আবাসিক এলাকায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে, এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রাহকদের দাবি, আবাসিক লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের গ্যাস বিল মওকুফ করতে হবে। পাশাপাশি ব্যবহারভিত্তিক বিল আদায়ের জন্য আবাসিক সংযোগে গ্যাসের মিটার স্থাপনেরও দাবি জানান তারা।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ