বিএনএ ডেস্ক: যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার (৪ মে) দেশে পৌঁছেছে। সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লিমনের মরদেহ গ্রহণ করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন লিমনের বাবা-মাসহ পরিবারের সদস্যরা। এরপর স্বজনরা মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জামালপুরের মাদারগঞ্জে আজ বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা জহুরুল হক। তিনি আর্তনাদ করে বলেন, “আমার ছেলে দুইটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করেছি। কোনো প্রকার তাদের কষ্ট দিইনি। কোনো প্রকার শারীরিক আঘাত করিনি। যা শাসন করেছি, মুখে শাসন করেছি। আমার ছেলেকে এভাবে যে মরতে হবে জানতাম না, ওপরওয়ালা জানেন কী কষ্ট দেওয়া হয়েছে। এটাই আমার কাছে কষ্ট।”
জামিলের পরিবার বাংলাদেশ সরকারসহ যুক্তরাষ্ট্র সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানান।
উল্লেখ্য, জামিল আহমেদ লিমন ( ২৭) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিএনএ/শাম্মী
![]()

