বিএনএ, বিশ্বডেস্ক: ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে । আজ মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা তাসনিম জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দুটি এমকিউএম-১৭০ ড্রোনের বিরুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে এই অভিযান পরিচালনা করে। এর মাধ্যমে ইরানি বাহিনীর হাতে নিয়ন্ত্রিত অবস্থায় আসা এই ধরণের ড্রোনের সংখ্যা চারে পৌঁছাল। এই পদক্ষেপের মাধ্যমে ড্রোনগুলোকে নির্ধারিত মিশন সম্পন্ন করা থেকে বিরত রাখা সম্ভব হয়েছে বলে তাসনিম উল্লেখ করলেও অতিরিক্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে বার্তা সংস্থা ইরনা শুক্রবারে জানায়, কেশম দ্বীপের ওপর একই মডেলের একটি ড্রোন ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এর একদিন আগে আইআরজিসি নেভি হরমুজ প্রণালির পশ্চিমাংশে আরেকটি ড্রোন নিয়ন্ত্রণ নিয়ে অক্ষত অবস্থায় অবতরণ করানোর দাবি করলেও মার্কিন সামরিক বাহিনী তা প্রত্যাখ্যান করে।
বিএনএ/শাম্মী
![]()

