33.2 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৬
Bnanews24.com
Home » সন্তানের সামনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

সন্তানের সামনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা


বিএনএ, ঢাকা: ঢাকার ধামরাই উপজেলায় পপি রাণী সরকার (২৭) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে সন্তানের সামনেই পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে স্বামী লিটন সরকারের বিরুদ্ধে । রোববার (২ আগস্ট) উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ দিন রাতেই পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন সরকার পেশায় সিএনজিচালক । তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই স্ত্রী পপি রাণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। রোববার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে তাদের সাত বছর বয়সী সন্তানের সামনেই পপি রাণীকে লাঠি দিয়ে মারধর করেন লিটন। এতে পপি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সন্ধ্যার দিকে লিটন সরকার স্থানীয় লোকজনের সহায়তায় পপি রাণীকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয় লোকজন লিটন সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটক ঘাতক স্বামী লিটন সরকারকে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পপি রাণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ