বিএনএ, বান্দরবান : জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখা। শুক্রবার (৩ জুলাই) কর্মসূচি উপলক্ষে সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— শুক্রবার (৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও কর্মসূচি ঘোষণা, শনিবার (৪ জুলাই) ১১-দলীয় গণমিছিল, ৫-১৫ জুলাই ওলামা-মাশায়েখ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ দিবস উপলক্ষে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, সোমবার (২০ জুলাই) নারী ও শ্রমিকদের উদ্যোগে আলোচনা সভা, ২৩-৩০ জুলাই জেলাব্যাপী ছাত্রসংগঠনের গ্রাফিতি অঙ্কন, শুক্রবার (৩১ জুলাই) মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, শনিবার (১ আগস্ট) পৌরসভার উদ্যোগে মিছিল, ২-৪ আগস্ট শ্রম বিভাগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বুধবার (৫ আগস্ট) বান্দরবানের মুক্তমঞ্চে ১১-দলীয় সমাবেশ।
সভায় জেলা জামায়াতের নেতারা জানান, ১১-দলীয় ঐক্যজোট ঘোষিত কর্মসূচি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে জুলাই মাসজুড়ে বান্দরবানে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
জেলা জামায়াতের আমির এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন. এ. জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

