25 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ইনকিলাব মঞ্চের ৪ দাবি

ইনকিলাব মঞ্চের ৪ দাবি


বিএনএ ডেস্ক: শহীদ ওসমান হাদি হত্যার বিচার ২৪ দিনের মধ্যে শেষ করা সহ ৪ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) রাতে এসব কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

৪ দফা দাবিগুলো হলো-

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

কর্মসূচী ঘোষণার পর আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলোজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে।
চলমান অবরোধ কর্মসূচি বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে বলা হয়েছে, ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি রাত ৮টায় সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তাকে বাঁচানো যায়নি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ