বিএনএ, বিশ্বডেস্ক :৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ান।তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।শনিবার (২৭ ডিসেম্বর)উপকূলীয় শহর ইয়িলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সমুদ্রে এ ভূমিকম্প আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স এর বরাতে এ তথ্য জানা যায়।
আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। এ কারণে কম্পনটি তাইওয়ানজুড়ে অনুভূত হয় এবং রাজধানী তাইপেইসহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে।
তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইয়িলান অঞ্চলের তিন হাজারের বেশি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিশ্বখ্যাত চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পের পর উত্তরাঞ্চলের হসিনচু সায়েন্স পার্কে তাদের কয়েকটি স্থাপনায় সতর্কতামূলকভাবে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।
উল্লেখ্য, দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন।
বিএনএ/ ওজি
![]()
