বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটককে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের।
বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে।
র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) এমদাদুল হক বলেন, “শহরে নিয়মিত টহলের অংশ হিসেবে এবং পরিস্থিতির অবনতির খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”
র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (অপস) মুফিদুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানঘাটার বিসমিল্লাহ ম্যানশন নামের একটি ভবনের সিঁড়িঘর থেকে তিন বছরের এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শত শত মানুষ রাস্তায় নেমে এসে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
সন্ধ্যার পর পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে পিছু হটে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। একপর্যায়ে রাত ৮টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। জবাবে বিক্ষুব্ধ লোকজনও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে অন্তত একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

