30 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - মে ২১, ২০২৬
Bnanews24.com
Home » খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির


বিএনএ, ঢাকা : খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি)।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিইআরসির দ্বিতীয় দিনের গণশুনানিতে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

কমিটির মতে, প্রস্তাবিত দাম কার্যকর হলে আগামী ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি প্রায় ১৩ হাজার কোটি টাকা পর্যন্ত কমে আসতে পারে।

কারিগরি কমিটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯৫ হাজার ৬১২ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিতরণ সংস্থাগুলোর প্রায় ১ লাখ ১৯ হাজার ২৮৫ কোটি টাকার নিট রাজস্ব প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে।

টিইসির পর্যালোচনায় বলা হয়েছে, দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস বা বিতরণজনিত ক্ষতি ২০২৪-২৫ অর্থবছরের ৭ দশমিক ৩৮ শতাংশ থেকে সামান্য কমে ২০২৬-২৭ অর্থবছরে ৭ দশমিক ৩৭ শতাংশে নেমে আসতে পারে।

গ্রাহক পর্যায়ের ট্যারিফ কাঠামো নিয়ে কমিটি জানিয়েছে, লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট) পরবর্তী ধাপগুলোর জন্য বিদ্যমান স্ল্যাব পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ বর্তমানে যেভাবে বিভিন্ন ধাপে বিদ্যুতের বিল নির্ধারণ করা হয়, সেই কাঠামোই বহাল থাকবে।

এর আগে ০-৭৫ ইউনিটের প্রথম স্ল্যাব বাতিল করে ০-২০০ ইউনিট পর্যন্ত একটি নতুন স্ল্যাব চালুর বিষয়ে আলোচনা হয়েছিল। তবে কারিগরি কমিটি মনে করছে, হঠাৎ এ ধরনের পরিবর্তন করলে নিম্ন ও প্রান্তিক আয়ের গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন।

এ কারণে সাধারণ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিদ্যমান স্ল্যাব কাঠামো বজায় রাখার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে কমিটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ