বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ব্রিজ লাগোয়া পল্লন খালী খালে ভেসে আসা আবাসিক হোটেলের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান এস আই সঞ্জীব কুমার পাল।
নিহত মোহাম্মদ কালু (৪২) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিত খালী ডুলা ফকির রাস্তার মাথা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। কালু কক্সবাজার শহরের একটি হোটেলের কর্মচারী ছিলেন। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিহতের ভাই সাহাব উদ্দিন মরদেহটি শনাক্ত করেন।
সাহাব উদ্দিন জানান, তার ভাই মোহাম্মদ কালু কক্সবাজার শহরের লালদীঘির পাড়ের একটি আবাসিক হোটেলে চাকুরি করতো। মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছুই ধারণা করতে পারছেন না। কারো সঙ্গে শত্রুতা আছে এমন তথ্যও নেই।
নিহত মোহাম্মদ কালুর স্ত্রী শাহানা জানান, বুধবার সকাল ১১টায় শেষ কথা হয়। তখনও তিনি ছিলেন স্বাভাবিক। আজ সকালে শুনতে পেলাম উনার মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। চাকুরির সুবাদে কক্সবাজার শহরেই অবস্থান করছিলেন তিনি। তবে কালু যে হোটেলে চাকুরি করতেন সেই হোটেলের নাম বলতে চাননি তার স্ত্রী।
খুরুস্কুল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জানে আলম জানান, আজ ভোরে খুরুস্কুল চৌফলদন্ডি ব্রিজ লাগোয়া পল্লনখালী খালে মরদেহটি ভেসে আসে। মরদেহের পরনে ছিল লাল ও কালু রংয়ের হুডি আর কালো প্যান্ট। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এস আই সঞ্জীব কুমার পাল জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ। তবে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই বলে তিনি জানান।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি
![]()
