বিএনএ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের গ্যাস স্টেশনগুলোতে জ্বালানি সংরক্ষণ ট্যাংকের পরিমাণ পর্যবেক্ষণকারী সিস্টেমে সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইরানি হ্যাকারদের জড়িত থাকার সন্দেহ করছেন মার্কিন কর্মকর্তারা।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন’র বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা অনলাইনে থাকা এবং পাসওয়ার্ডবিহীন অটোমেটিক ট্যাংক গেজ (এটিজি) সিস্টেমে প্রবেশ করে। কিছু ক্ষেত্রে তারা ট্যাংকের ডিসপ্লেতে দেখানো তথ্য পরিবর্তন করতে সক্ষম হলেও প্রকৃত জ্বালানির পরিমাণে কোনো পরিবর্তন ঘটাতে পারেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো শারীরিক ক্ষতি বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মার্কিন কর্মকর্তা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের সিস্টেমে প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে কোনো হ্যাকার গ্যাস লিকের তথ্য গোপন রাখতে পারে, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অতীতে গ্যাস ট্যাংক-সংক্রান্ত সিস্টেমে হামলার ইতিহাস থাকায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তবে হ্যাকাররা খুব কম ডিজিটাল প্রমাণ রেখে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকার হয়তো নিশ্চিতভাবে দায়ী পক্ষ শনাক্ত করতে পারবে না বলেও সতর্ক করেছেন তারা।
এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম সিএনএন। তবে এফবিআই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বিএনএ/ওজি
![]()

