27 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে নির্মাণাধীন টানেলে পানি ঢুকে ৭ শ্রমিকের মৃত্যু

ভারতে নির্মাণাধীন টানেলে পানি ঢুকে ৭ শ্রমিকের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় একটি নির্মাণাধীন টানেলে হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাতজন শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এখন পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও তিন শ্রমিক এখনো ভেতরে আটকে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চামোলি জেলার পিপালকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) একটি প্রকল্পের টানেলে নির্মাণকাজ চলছিল। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ বিপুল পরিমাণ কাদা-পানি ও ধ্বংসাবশেষ টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির তীব্র স্রোতে অনেক শ্রমিক টানেলের নির্গমন পথের দিকে ভেসে যান। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ভেতরে অন্তত ২৮ জন শ্রমিক কর্মরত ছিলেন।

নিখোঁজ তিন শ্রমিককে উদ্ধারে ধ্বংসাবশেষ সরিয়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা। স্থানীয় বিধায়ক লক্ষপত বুটোলা এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়েছেন। তিনি জানান, পুরো প্রশাসনিক দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উদ্ধারকারী দলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।

দুর্ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তিনি নিয়মিত উদ্ধার অভিযানের খোঁজখবর নিচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনায় হতাহতরা মূলত ঝাড়খণ্ড ও ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। ওই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টিও তিনি অবগত করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা