31 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - আগস্ট ২৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ

চট্টগ্রামে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ


বিএনএ, ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। বেলা ২টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।এছাড়া ১১ দলের কেন্দ্রীয় এবং চট্টগ্রাম বিভাগীয় নেতারা এতে বক্তব্য রাখবেন।

সূত্র মতে, জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় কার্যকরের দাবিতে গত ৩০ এপ্রিল লিয়াজোঁ কমিটির বৈঠক ও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

ঘোষণা অনুযায়ী ঈদের আগে গত ১৬ মে রাজশাহীতে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সমাবেশ আজ ১৩ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেটে সমাবেশ করবে জোটটি। সবশেষে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করা হবে।

এর আগে একই ইস্যুতে গত ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে গণমিছিল করে ১১ দলীয় জোট।

এদিকে বিজিবির সীমান্ত হত্যা ও পুশইনের চেষ্টার প্রতিবাদে আলাদা কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য। সে অনুযায়ী শুক্রবার সীমান্ত এলাকার জেলাগুলোতে বিক্ষোভ করেছে জোটটি। আগামী সোমবার ঢাকায় প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ