বিএনএ ডেস্ক: লন্ডনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, “আবিদা ইসলাম লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে অনেকটা ‘আওয়ামীকরণ’ করে রেখেছিলেন। বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তাকে এই পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আবিদা ইসলাম ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার)-এর মাধ্যমে চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএনএ/শাম্মী
![]()

