27 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে গিয়ে পেটাল জামায়াত নেতা

ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে গিয়ে পেটাল জামায়াত নেতা


বিএনএ, রাজশাহী : রাজশাহীতে ইসলাম আশিক (২৪) নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যার হুমকির পর এবার তাকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন জামায়াত নেতাকর্মীরা।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মী রবিউল ইসলাম আশিক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত আশিক জানান, বুধপাড়া মোড়ে বসে থাকার সময় ৩০নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে একটি বাগানে নিয়ে যায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তিনি বলেন, “ছাত্রদল করার কারণে কিছুদিন ধরে তারা আমাকে হুমকি দিয়ে আসছিল।”

আশিকের বড় ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, কিছুদিন আগে এলাকায় বিএনপির পোস্টার-ব্যানার লাগানোর ঘটনায় ৩০নং ওয়ার্ড উত্তর শাখা কল্যাণ ফেডারেশনের সভাপতি রাকিবুল ইসলাম আশিককে গুলি করে হত্যার হুমকি দেয়। তিনি দাবি করেন, তারই ধারাবাহিকতায় আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

ছাত্রদল কর্মীর ওপর হামলার নিন্দা জানিয়ে রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব।

এ বিষয়ে রাতে ও শনিবার সকালে জামায়াত নেতা সোহেল রানার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আরএমপির মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মী আশিককে মারধরের ঘটনাটি তিনি রাতেই শুনেছেন। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ