বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন আজিম গ্রুপের একটি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সিঅ্যান্ডবি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন । আজ শনিবার ( ২ মে) বেলা ১১টার দিকে অবরোধ শুরু করে শ্রমিকরা।
শ্রমিকরা জানিয়েছেন, তাদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। শ্রমিকরা তা পরিশোধের দাবি করে এলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। তাই শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে আসে তারা। পরে পাশের আরাকান সড়ক অবরোধ করে।
অবরোধের কারণে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ সাংবাদিকদের বলেন, ‘আজিম গ্রুপের কারখানার মালিকপক্ষ বেতন ও ওভারটাইম বকেয়া রেখেছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। ২০২২ সাল থেকে এ সমস্যা চলে আসছে। এখন শ্রমিকরা বিক্ষোভ করছেন।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে আলাপ–আলোচনা চলছে।’
বিএনএ/শাম্মী
![]()

