বিএনএ, চট্টগ্রাম: নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে, আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজে যোগ দেননি বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। সৃষ্টি হয়েছে অচলাবস্থা। জাতীয়তাবাদী শ্রমিক দল এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ কর্মসূচির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচি অনুযায়ী আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি এবং রোববার একইভাবে আট ঘণ্টা প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার কর্মসূচি দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন প্রথম আলোকে বলেন, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী ও শ্রমিকেরা অংশ নিয়েছেন।
অপরদিকে আন্দোলনের নামে বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ধরনের কর্মকাণ্ডে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা রাষ্ট্রীয় স্বার্থবিরোধী।
বিএনএ/শাম্মী
![]()

