বিএনএ, ঢাকা: আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এ জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকাল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমানের এই কর্মসূচিকে ঘিরে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে কেন্দ্র করে সেখানে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপি নিয়েছে ব্যাপক প্রস্তুতি।
এর আগে চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, গাজীপুর ও উত্তরাসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রেখেছেন তারেক রহমান। এসব জনসভা থেকে তিনি সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন ।
বিএনএ/ ওজি
![]()

