23 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টানা তিন জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা। আজ পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল যুবা টাইগ্রেসরা। আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে সুমাইয়া আক্তার বাহিনী।

বুধবার (৩১ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ৯৬ রানে সহজ লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে ১৮ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সুমাইয়া বাহিনী।

সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে শূন্য রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন সুমাইয়া আক্তার সুবর্ণা। এরপর ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইভা। তবে ৪০ বলে ৩৮ রান করে দলকে জয়ের পথ দেখান অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়াও ১৬ রানের ইনিংস খেলেন ইরা। শেষ পর্যন্ত ১৮ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে রানের গতি ছিল টেস্ট ক্রিকেটের মতো। এরমধ্যে দলীয় ৮৮ থেকে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। যার ভেতর রান আউটই ছিল তিনটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তানের মেয়েরা।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সামিয়া আফসার। এ ছাড়া ৪১ বল মোকাবিলায় ২৬ রান করেন আরেশা আনসারি। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।

আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা