বিএনএ ডেস্ক: দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনার কথা জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার (২৯ জুলাই) এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।
এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। এই অগ্রগতি মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের সঙ্গে মালয়েশিয়ার শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মানুষ বলে ওদের ফেরত পাঠাও। কিন্তু পাঠাব কোথায়? মিয়ানমার তো ওদের নিতে চায়নি। এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখাটা জরুরি। এ ধরনের বিষয় সতর্ক কূটনীতির মাধ্যমে সমাধান করতে হয়। এখন তারা প্রথমে পাঁচ হাজার জনকে নিতে সম্মত হয়েছে।’
একই সঙ্গে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকার রাজি হয়েছে বলে জানালেও এই প্রত্যাবাসন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা এর সুনির্দিষ্ট কোনো সময়সীমা আছে কি না, সে বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোনো তথ্য দেননি।
উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর চরম নৃশংস অভিযানের মুখে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। নিজ দেশে ফেরার কোনো সুস্পষ্ট রূপরেখা না থাকায় চরম দুর্দশার মধ্যে থাকা এই শরণার্থীদের অনেকেই প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন।
বিএনএ/শাম্মী
![]()

