বিএনএ, ডেস্ক : কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে একটি বিশেষ ফ্লাইটে নিহতদের মরদেহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এর আগে গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় ডিউটিতে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় এই পাঁচ বাংলাদেশি প্রবাসী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের সবার বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা হলেন— গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
কাতারস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি ও প্রশাসনিক সব আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সম্পূর্ণ অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দর থেকে মরদেহগুলো যথাযথ মর্যাদায় ও সরকারি অ্যাম্বুলেন্সে করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সরকারি নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহতদের দাফন খরচ এবং পরবর্তীতে তাদের পরিবারকে আর্থিক অনুদান ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদানের প্রক্রিয়াটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শাখাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনএ/ওজি
![]()

