28 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের প্রায় ৫০ কোটি ডলারের ক্রিপ্টো জব্দ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের প্রায় ৫০ কোটি ডলারের ক্রিপ্টো জব্দ করেছে যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্বডেস্ক :  ওয়াশিংটনের বিশেষ অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক ফিউরি’র আওতায় ইরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টো সম্পদ বা ডিজিটাল মুদ্রা জব্দ করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষে পরিচালিত অভিযানের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, কয়েক ধাপে এই বিপুল পরিমাণ ডিজিটাল সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বেসেন্ট স্পষ্ট করে বলেন,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অর্থনৈতিক চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কেবল আকাশ বা সমুদ্রপথ বন্ধ করছি না, বরং তেহরানের যে ডিজিটাল লেনদেনের মাধ্যমে আন্তর্জাতিক অবরোধ এড়ানোর চেষ্টা করছিল, সেখানেও কড়া নজরদারি বসিয়েছি। ক্রিপ্টো সম্পদ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইরানি ব্যাংক হিসাবগুলো একের পর এক ফ্রিজ বা অবরুদ্ধ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

যুক্তরাষ্ট্রের এই কৌশলের একটি বড় অংশ হলো ইরানের তেল বাণিজ্যের সহযোগী রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোকে চাপে রাখা। স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো দেশের ব্যাংক বা শিল্পপ্রতিষ্ঠান যদি ইরানের তেলের লেনদেন বা বিপণনে সহায়তা করে, তবে তাদের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ বা দ্বিতীয় পর্যায়ের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অর্থাৎ, ইরানের সঙ্গে ব্যবসা করলে ওই প্রতিষ্ঠানগুলো মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে আর যুক্ত থাকতে পারবে না।

তবে এই চাপের বিপরীতে ইরান তার চিরাচরিত অনমনীয় অবস্থান ধরে রেখেছে। তেহরান এই অভিযানকে ‘উপহাস’ করে জানিয়েছে, মার্কিন নৌ-অবরোধ এবং নিষেধাজ্ঞার ফলে উল্টো বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘অসার’ বলে উড়িয়ে দিয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ