বিএনএ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে অপর ৩ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনাল আসামি মো. মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে ১ নং চার্জের ১-৬ নং কাউন্টে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ২ ও ৩ নং চার্জে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
অপর আসামি সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতার বিরুদ্ধে গঠিত ১নং চার্জের ১-৬ নং কাউন্টে দোষী সাব্যস্ত করে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ২ ও ৩নং চার্জে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। তারাও আওয়ামী লীগের কুষ্টিয়া জেলার বিভিন্ন পদে রয়েছেন।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটরা উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।
উল্লেখ্য আসামী চার জনই বর্তমানে পলাতক।
বিএনএ/শাম্মী
![]()

