25 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত?

সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত?


বিএনএ ডেস্ক: স্পিকারের এই একটি ঘোষণাতেই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ! কাগজে-কলমে কারণ দেখানো হয়েছে—শারীরিক অসুস্থতা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই ‘অসুস্থতা’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ, ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ ছাড়লেও দলের ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে এখনো বহাল আছেন! শুধু তাই নয়, তিনি ছিলেন বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো গঠিত ‘ককাস অব আমেরিকা’-র চেয়ারম্যান।

চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো ১০ সদস্যের “ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ” গঠিত হয়, যার চেয়ারম্যান নির্বাচিত হন ড. ওসমান ফারুক। সহজ ভাষায় বলতে গেলে, ককাস (Caucus) হলো সংসদ সদস্যদের নিয়ে গঠিত এমন একটি বিশেষ গ্রুপ বা ফোরাম, যারা নির্দিষ্ট কোনো দেশ, নীতি বা অভিন্ন স্বার্থ রক্ষায় সংসদের ভেতরে এবং বাইরে লবিং ও নীতিনির্ধারণী ভূমিকা পালন করে।  এমন একটি গুরুত্বপূর্ণ ককাসের চেয়ারম্যান হয়েও যখন ওসমান ফারুক সংসদ থেকে সরে দাঁড়ানো একটি বড় রাজনৈতিক বার্তা হয়ে হিসাবে দেখছেন অনেক ভূ-রাজনৈতিক বিশ্লেষক।

একটু পিছনে ফিরে যাই, গত ৪ জুলাই ২০২৬ এ। এদিন  জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী বা ‘Freedom 250’ উদযাপন এবং বিশাল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সংসদ ভবন প্রাঙ্গণে বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সে সময় দেশজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছিল।

সেই হাই-প্রোফাইল আয়োজনের নেপথ্যে ‘ককাস চেয়ারম্যান’ হিসেবে ড. ওসমান ফারুকের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের সাথে বর্তমান সরকারের কূটনৈতিক ভারসাম্য রক্ষায় ওসমান ফারুক ছিলেন অন্যতম প্রধান কারিগর। কিন্তু সেই ঘটনার মাত্র চার মাসের মাথায় তার এই আকস্মিক বিদায় কূটনৈতিক মহলেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ড. ওসমান ফারুকের পদত্যাগের ঠিক আগমুহূর্ত এবং পরবর্তী সময়ে ঢাকার কূটনৈতিক পাড়ায় এক ধরনের অস্থিরতা ও বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্রগুলোর কূটনীতিকদের দৌড়ঝাঁপ হঠাৎ করেই বেড়ে গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ প্রশ্ন তুলছেন—বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই কূটনৈতিক তৎপরতা কি নিছকই রুটিন ওয়ার্ক, নাকি এটি বড় কোনো রাজনৈতিক পট পরিবর্তনের পূর্বাভাস?

কূটনৈতিক সূত্রগুলোর মতে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত রাখতে বড় শক্তিগুলো এখন ঢাকার প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ঠিক এমন এক সন্ধিক্ষণে মার্কিন আস্থাভাজন হিসেবে পরিচিত ককাস চেয়ারম্যানের সংসদ থেকে সরে দাঁড়ানোকে অনেকেই সাধারণ ঘটনা হিসেবে দেখতে নারাজ।

একটু পেছনে ফিরে তাকান—১৯৯১ এবং ২০০১ সালে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় যারা অত্যন্ত দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেইরকম অন্তত এক ডজন হেভিওয়েট সিনিয়র নেতাকে এবারের মন্ত্রিসভায় রাখা হয়নি। এদের মধ্যে রয়েছেন

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও জ্বালানি মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।

স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

শ্রমিক রাজনীতির প্রাণপুরুষ ও স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য নজরুল ইসলাম খান।

স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান।

দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা ও প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু।

এবং সবশেষে দলের ভাইস চেয়ারম্যান, ককাস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক নিজে।

দলের তৃণমূলের অনেক নেতাকর্মীর মতে, যে মানুষগুলো জীবনের সোনালী সময় দলের জন্য ব্যয় করলেন, জেল-জুলুম আর মামলার বোঝা বইলেন—ক্ষমতায় আসার পর তাদের অভিজ্ঞতাকে মূল্যায়ন না করে একপাশে সরিয়ে রাখা হয়েছে।

প্রবীণ নেতাদের এই চাপা ক্ষোভ প্রথম প্রকাশ্যে আসে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মাধ্যমে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে গিয়েও যখন তিনি দেখলেন তাকে মন্ত্রিসভায় রাখা হয়নি, তখন তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে কেরানীগঞ্জে এক সভায় তিনি প্রকাশ্যেই ঘোষণা দেন—”মন্ত্রী হব না জেনেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। জীবনের শেষদিন পর্যন্ত আমি আর মন্ত্রিত্ব গ্রহণ করব না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গয়েশ্বর রায় মুখ ফুটে যে কথাটি বলে ফেলেছেন, ড. ওসমান ফারুক কি নীরবে পদত্যাগ করে সেই একই প্রতিবাদের ভাষা বেছে নিলেন? উল্লেখ্য, গত ২০শে আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ওসমান ফারুক ভোট দেননি। তখন থেকেই মূলত দলের শীর্ষ নেতৃত্বের সাথে তার দূরত্ব স্পষ্ট হতে শুরু করেছিল।

রাজনীতিতে প্রজন্মের পরিবর্তন স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু অভিজ্ঞতা আর তারুণ্যের ভারসাম্য রক্ষা করতে না পারলে যেকোনো দলেই অভ্যন্তরীণ টানাপোড়েন তৈরি হয়। ড. ওসমান ফারুক সংসদ ছাড়লেও দলের ভাইস চেয়ারম্যান পদে থেকে গেছেন। এর অর্থ হলো, তিনি রাজনীতি ছাড়েননি—বরং  বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতার কাঠামোর প্রতি নিজের অনাস্থা ও অভিমানই প্রকাশ করেছেন।

একদিকে দলের ভেতরে প্রবীণদের অভিমান, অন্যদিকে কূটনৈতিক পাড়ায় বিদেশি রাষ্ট্রদূতদের ঘন ঘন তৎপরতা—সব মিলিয়ে দেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে, তা এখন দেখার বিষয়।

বিএনএ/ সৈয়দ সাকিব

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর