32 C
আবহাওয়া
৫:২৩ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’


বিএনএ, বিশ্বডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব আজ বুধবার (২৮ অক্টোবর) ভোরে অন্ধ্র প্রদেশের উপকূলের কাছে স্থলভাগে আঘাত হেনেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা এ প্রক্রিয়া চলবে। সূত্র: এনডিটিভি ।

আবহাওয়া অধিদপ্তর সকাল সাড়ে ৬টায় দেওয়া বুলেটিনে জানায়, ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড় অর্ণবের অবস্থান ছিল বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চলে, অন্ধ্র প্রদেশ ও ইয়ানামের উপকূলের কাছে।

ঘূর্ণিঝড়টি নরসাপুরের প্রায় ৩০ কিলোমিটার পূর্বে, ইয়ানামের ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কাকিনাড়ার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং মছলিপত্তনমের ৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্র ও ওড়িশার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের আগে দুই রাজ্য মিলিয়ে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অন্ধ্রে ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে ২৮ অক্টোবর সকাল সাড়ে ৫টা পর্যন্ত সর্বোচ্চ ২১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বিশাখাপত্তনমে। এরপর কলিঙ্গপত্তনমে ১৪৭, কাকিনাড়ায় ১১৮ এবং মছলিপত্তনমে ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কোথাও এখন পর্যন্ত প্রাণহানির খবর নেই। তবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং গাছ উপড়ে পড়েছে।

আজ বুধবার বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী বিভিন্ন ফ্লাইট বাতিল করেছে একাধিক বিমান সংস্থা। কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে এবং কিছু ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ