বিএনএ, চট্টগ্রাম : অল্প বৃষ্টিতেই হাঁটুপানিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর রাস্তাগুলো । মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসিকে।সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার। এই সামান্য বৃষ্টিতে হাঁটুসমান পানি জমার কারণ হিসেবে উঠে এসেছে হিজড়া খালের উন্নয়নকাজ। খালের মুখ অস্থায়ী বাঁধ দিয়ে বন্ধ করে রাখায় পানি নামতে পারছে না। ফলে খালের পানি উপচে সরাসরি সড়কে চলে আসছে।
এ দিকে জলাবদ্ধতার কারণে প্রবর্তক মোড় ছাড়িয়ে জিইসি ও গোলপাহাড় মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আধা কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগছে এক ঘণ্টারও বেশি।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হিজড়া খালটি অবৈধভাবে দখলের কারণে ৩০ ফুট থেকে সংকুচিত হয়ে কোথাও ১২-১৫ ফুটে নেমে এসেছে। বর্তমানে খালটি উদ্ধার ও সম্প্রসারণের কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
এ দিকে চার সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এ সংকেতের আওতায় পড়বে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানায় আবহাওয়া অধিদপ্তর।
বিএনএ/ ওজি
![]()

