31 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক- নিউ জার্সি

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক- নিউ জার্সি


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর আঘাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় বিপজ্জনক উপকূলীয় বন্যা, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ-এর তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের অধিকাংশই উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এ দিকে ঝড়ের কারণে বেশ কয়েকটি বড় আয়োজনও বাতিল বা স্থগিত করা হয়েছে। বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে।

এ ছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল হয়েছে। এতে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের মতো শিল্পীদের পারফর্ম করার কথা ছিল।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বন্যার পানির মধ্যে দিয়ে গাড়ি চালানো বা হেঁটে যাওয়াও নিষেধ করেছেন।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও বাসিন্দাদের ঝড়কে গুরুত্বের সঙ্গে নেওয়া, সতর্ক থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ