বিএনএ, বিশ্বডেস্ক : হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (২৭ জুন) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি এভার লাভলিতে ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের এই হামলা আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা এবং সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
ইরানের আইআরজিসি বলেছে, ওয়াশিংটন ‘বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে’ এবং ইরানের নৌবাহিনী এই অঞ্চলের সেইসব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। সংস্থাটি আরও যোগ করেছে, ‘এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে আমাদের জবাব আরও ব্যাপক হবে।’
ঘটনার পর গত ১৭ জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যকর থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
বিএনএ/ওজি
![]()

