24 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন: আইনমন্ত্রী আসাদুজ্জামান

বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন: আইনমন্ত্রী আসাদুজ্জামান


বিএনএ, ঢাকা : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং সংবিধান অনুযায়ী বিচারকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেন। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য অনেক দেশেই দেখা যায় না। সুপ্রিম কোর্টের বিচারকদের পোস্টিং বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, সেই স্বাধীনতার ভিন্ন রূপও আমরা অতীতে দেখেছি, যেখানে রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে।

তিনি আরও বলেন, বিচারকরা নিজেদের বিবেক, বুদ্ধি ও যুক্তি অনুযায়ী রায় দিয়ে থাকেন এবং সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। মন্ত্রী দাবি করেন, সরকারের বিরুদ্ধে করা মামলার রায়ও অনেক ক্ষেত্রে সরকারের বিপক্ষেই গেছে। তিনি বলেন, সরকার যদি সব মামলায় জিতত, তাহলে আলাদা চিত্র দেখা যেত। বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রেই সরকারের বিরুদ্ধেই রায় যায়।

মামলার দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই জট তৈরি হয়েছে।

এ সময় তিনি রামিসা হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ