33 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাত ৮টার পর নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার নিষিদ্ধ: ইসি

রাত ৮টার পর নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার নিষিদ্ধ: ইসি


বিএনএ ডেস্ক: নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ও লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের পরে লাউডস্পিকার ব্যবহার করা হলে তা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করেছে কমিশন।

বিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি প্রচারণার সময় কোনো নির্বাচনী এলাকায় মাইক বা শব্দমাত্রা বর্ধনকারী যন্ত্র দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে ব্যবহার করতে পারবেন। নির্বাচনী প্রচারণায় লাউডস্পিকার ব্যবহারের সময় ও শব্দের মাত্রা নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দল ও প্রার্থীদের পৃথক অঙ্গীকারনামা দিতে হয়েছে। কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলকেও জরিমানার আওতায় আনার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দলের ক্ষেত্রে সর্বোচ্চ দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা যেতে পারে। বিধান লঙ্ঘনে আরপিও অনুযায়ী প্রার্থিতা বাতিলের ব্যবস্থাও রয়েছে।

নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি বলেন, ‘রাত ৮টার পর জনসভায় মাইক ব্যবহার করা স্পষ্ট আইনভঙ্গ। এটি নির্বাচন কমিশনের আইনে উল্লেখ রয়েছে। আচরণবিধি ভঙ্গ হলে কী করা হবে, সেটিও সেখানে বলা আছে। যেহেতু নির্বাচন কমিশন আইন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, তাই বিষয়টি তারা দেখবে।’

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ