28 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান


বিএনএ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

দলীয় সূত্রমতে,  সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। বিমানবন্দর থেকে সরাসরি সেখানেই যাবেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বিএনপি নেতারা আশা করছেন, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। অংশগ্রহণের দিক থেকে এটি অতীতের সব রাজনৈতিক সমাবেশ ও সংবর্ধনাকে ছাড়িয়ে যেতে পারে। দলীয় নেতাদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও প্রত্যাশা করছে বিএনপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে কাজ করছেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। এতদিন তার দেশে ফেরা সম্ভব হয়নি।

দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ