বিএনএ, বিশ্বডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবার স্পেনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’-২০২৬ এ ভূষিত হলেন। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর তিয়াত্রো ক্যাম্পোআমোর থিয়েটারে এক বর্ণাঢ্য ও রাজকীয় অনুষ্ঠানে প্রিন্সেস লিওনোরে তার হাতে তুলে দেন এই সম্মাননা।
অনুষ্ঠানে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ এবং রানি লেটিজিয়াও উপস্থিত ছিলেন। শত শত ভক্ত-অনুরাগীর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো থিয়েটার হল।
খেলাধুলায় অসামান্য অবদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
চারবারের উয়েফা চ্যাম্পিয়নশিপ জয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুইবারের কোপা আমেরিকা জয়ী মেসি ফুটবলের প্রায় প্রতিটি রেকর্ড নিজের করে নিয়েছেন। শুধু তাই নয়, লিও মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তার অসামান্য অবদান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সম্প্রতি স্পেনের দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনেও বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন এই তারকা।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারকে অনেক সময় স্পেনের ‘নোবেল’ বলেও অভিহিত করা হয়। এর আগে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও দল এই পুরস্কার পেলেও ব্যক্তিগতভাবে কোনো ফুটবলার এটি জেতেননি। মেসিই প্রথম ফুটবলার, যিনি এই সম্মাননা পেলেন।
বিএনএ/শাম্মী
![]()

