বিএনএ, ঢাকা : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগী হিসেবে আরও ১ হাজার ৩৮৪ জনকে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের রোগী ছিল ৫৮৯ জন—ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ২২১ জন, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর সকাল পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে হামের উপসর্গে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

