বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফের (মূল) ২ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ববিন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্যের মৃত্যু হয়। এ সময় মংসানু মারমা নামে অপর এক ইউপিডিএফ সদস্য আহত হলে তাকে ঘটনাস্থল থেকে আটক করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সদস্যরা।
এ ঘটনায় ইউপিডিএফ’র প্রচার বিভাগ এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে বলেন, ইউপিডিএফের দুই সদস্য সেখানে সাংগঠনিক কাজে অবস্থান করছিলেন।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের সীমান্তবর্তী প্রেমতলা এলাকায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এতে একজনের মৃত্যু হয়। আহত হয় আরও একজন।
এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফ সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সুজন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্যের মৃত্যু হয়। দীঘিনালা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

