33 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - আগস্ট ২৩, ২০২৬
Bnanews24.com
Home » ৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার

৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার


বিএনএ ঢাকা: দেশের ১৩টি মহানগরের ৫১ হাজার বেকার ও চাকরিপ্রত্যাশী তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আওতায় আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ৬৮৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি এবং তরুণদের জন্য আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রস্তাবিত এই প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ–এই ১৩টি মহানগরে পরিচালিত হবে। এর আওতায় তরুণদের চাহিদাভিত্তিক ডিজিটাল দক্ষতা শেখানোর পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়া, পোর্টফোলিও তৈরি এবং ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের কৌশল শেখানো হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রকল্পের লক্ষ্য অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ প্রশিক্ষণার্থীকে সরাসরি আয়ের সঙ্গে যুক্ত করা। নিম্নআয়ের ও প্রান্তিক তরুণদের পাশাপাশি এতে ৩০ থেকে ৪০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে প্রশিক্ষণার্থীদের ল্যাপটপসহ প্রয়োজনীয় কারিগরি সরঞ্জামও দেওয়া হতে পারে।

প্রকল্প প্রস্তাবে আরও বলা হয়েছে, দেশে বর্তমান বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখেরও বেশি। বিশ্বজুড়ে ফ্রিল্যান্সিং বা গিগ ইকোনমির বাজার প্রায় ৪৫৫ বিলিয়ন ডলারের। এই বিশাল বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতেই সরকার এই বিনিয়োগ করছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ