বিএনএ, বিশ্বডেস্ক: শুক্রবার (২১ আগস্ট) মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামের একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি বিরোধী সংগঠন । অঞ্চলটি সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
মিয়াং টাউনশিপের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার (সিডিএসওএম) মুখপাত্র নুয়ে উ জানান, একটি যুদ্ধবিমান গ্রামের একটি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বোমা হামলা চালায়। এতে ১৪ জন নিহত ও ২০ জন আহত হন। ওই সময় বর্ষাবাস উপলক্ষে বিহার ও এর আশপাশে ১০০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন।
স্থানীয় এক বাসিন্দা প্রেসকে জানান, বিমানটি প্রায় ১৫ মিনিটের ব্যবধানে গ্রামটিতে দুটি বোমা ফেলে। তিনি জানান, হামলায় তার শাশুড়িও নিহত হয়েছেন।
হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে সামরিক বাহিনী দাবি করেছে, তারা কেবল বৈধ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
তবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আইআইএমএমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ওই প্রতিবেদন ‘সন্ত্রাসীদের’ বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি এবং নিরাপত্তা বাহিনী বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সংযম দেখায়।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার ব্যাপক গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সহিংসতার পর দেশটির অনেক বিরোধী গোষ্ঠী অস্ত্র হাতে তুলে নেয়। বর্তমানে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে বিভিন্ন জাতিগত ও রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী।
সূত্র: আল জাজিরা
বিএনএ/শাম্মী
![]()

