বিএনএ,বিশ্বডেস্ক : ইতিহাস গড়েই চলেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে পরাশক্তি স্পেনকে রুখে দেয়ার পর, এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকেও আটকে দিলো দলটি।মায়ামি স্টেডিয়ামে সোমবার ভোরে ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে উরুগুয়ের সাথে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে।
এই ড্রয়ে রাউন্ড অব ৩২-এর আশা বেঁচে রইলো কেপ ভার্দের। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। সবার উপরে স্পেন, আর সবার নিচে সৌদি আরব।
ম্যাচের ২১ মিনিটে কেভিন পিনার হাত ধরে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলটি পায় কেপ ভার্দে। প্রায় ৩০ গজ দূর থেকে তার নেয়া দুর্দান্ত ফ্রি-কিক জালে জড়ালে উল্লাসে মাতে পুরো স্টেডিয়াম।
সেই ধাক্কা সামলে ৪৪ মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। বল ক্লিয়ার করার জন্য লাফিয়ে উঠেছিলেন কেপ ভার্দের সিডনি লোপেস ক্যাব্রাল। তার হেডটি গিয়ে লাগে নিজেদেরই গোলপোস্টে।
সেখান থেকে ফিরে আসা বল মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে পাঠান। চলতি টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল। সেই উদযাপনের রেশ না কাটতেই দ্বিতীয় গোল পেয়ে যায় উরুগুয়ে।
প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে লিড নেয় উরুগুয়ে। আরাউহোর হেড থেকে কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে পরাস্ত করেন আগুস্তিন কানোবিও।
তবে বিরতির পর উরুগুয়েকে চমকে দিয়ে সমতায় ফেরে কেপ ভার্দে। ৬১ মিনিটে গোল করেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। যদিও এই গোলে দায় বেশি উরুগুয়েরই।
নিজেদের শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে। একই সময়ে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই ম্যাচেই নির্ধারণ হবে দুই দলের ভাগ্য।
বিএনএ/ওজি
![]()

