33.9 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - জুন ২১, ২০২৬
Bnanews24.com
Home » দুর্নীতির অভিযোগ,স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ,স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা


বিএনএ, বিশ্বডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হতে   দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।  বেগোনা গোমেজকে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) প্রকাশিত আদালতের আদেশে বলা হয়, মামলার বিচারক হুয়ান কার্লোস পেইনাডো চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বেগোনা গোমেজকে প্রতি মাসে দুইবার আদালতে হাজিরা দিতে হবে।

পাশাপাশি তিনি যেন স্পেন ত্যাগ করতে না পারেন, সে জন্য দেশের সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। তবে এখনো বিচার শুরুর নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

২০২৪ সালের এপ্রিলে একটি উগ্র ডানপন্থী দুর্নীতিবিরোধী সংগঠনের অভিযোগের ভিত্তিতে বেগোনা গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে তার বিরুদ্ধে তহবিল আত্মসাৎ, প্রভাব খাটানো এবং ব্যবসায়িক লেনদেনে অনিয়মের অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ পদ সৃষ্টি ও সেটি পরিচালনার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ ব্যবহার করেছেন।

তবে পেদ্রো সানচেজ ও বেগোনা গোমেজ শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছে, তিনি গত দুই বছর ধরে রাজনৈতিক ও বিচারিক হয়রানির শিকার হচ্ছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ