33.3 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - জুন ২১, ২০২৬
Bnanews24.com
Home » ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস

১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস


বিএনএ, ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল ৫-১ গোলের বড় ব্যবধানে সুইডেনকে  হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে। এই জয়ের মাধ্যমে ডাচরা বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ভেঙে দিয়েছে ব্রাজিলের ৬০ বছরের পুরোনো কীর্তি।

ব্রাজিলের আগের রেকর্ড ছিল টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে অপরাজিত থেকে শিরোপা জয়ের পাশাপাশি ১৯৬৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল সেলেসাওরা। পরে সেই আসরের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির কাছে ৩-১ গোলে হেরে তাদের অপরাজিত যাত্রার ইতি ঘটে।

নেদারল্যান্ডসের বর্তমান এই রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনালের পর। সেই ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোলে স্পেন জাতীয় ফুটবল দলের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ডাচরা।

এরপর ২০১৪ বিশ্বকাপে ৭ ম্যাচ, ২০২২ বিশ্বকাপে ৫ ম্যাচ এবং চলতি ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ মিলিয়ে টানা ১৪ ম্যাচে হারেনি তারা। এবারের আসরে প্রথম ম্যাচে জাপানের সাথে ড্র করার মাধ্যমে ব্রাজিলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিল নেদারল্যান্ডস। আর সুইডেনের বিপক্ষে দাপুটে জয়ে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নেয় তারা।

উল্লেখ্য, এই পরিসংখ্যানে অতিরিক্ত সময় শেষে ড্র হওয়া এবং পরে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচগুলোও ড্র হিসেবেই গণনা করা হয়। সে কারণে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে বিদায় নিলেও নেদারল্যান্ডসের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ