বিএনএ, ডেস্ক :নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নিহতের স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।এর আগে গতকাল বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহত নেতার নাম ওসমান গনি (৪০)। তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে ওসমান গনির দীর্ঘদিনের বিরোধ ছিল।
এরই জেরে বুধবার রাতে রমজান আলীর অনুসারীরা ওসমান গনির ওপর আচমকা হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনএ/ওজি
![]()

