বিএনএ, ঢাকা : রাজধানীর মালিবাগ এলাকায় শাহজালাল নামে একটি হোটেলের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) ইফতারে আগে মালিবাগ হোসাফ টাওয়ার সংলগ্ন গলির ভেতর শাহজালাল হোটেলে এ ঘটনাটি ঘটে।
দগ্ধ হোটেল কর্মচারীরা হলেন-মারুফ হোসেন (১৬) জুলহাস মিয়া (১৭) ও মোহাম্মদ সবুজ (২৪)।
ঘটনার পরপরই হোটেলের অপর কর্মচারী মো. তৌহিদ তিন জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে নিয়ে আসে। তিন জনের শরীরের বিভিন্ন স্থানে আগুনে ঝলসে গেছে।
হোটেলের কর্মচারী তৌহিদ জানান, হোটেলের গ্যাস লাইন পাইপের লিকেজ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিন যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী
![]()

