বিএনএ, ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে অন্তত ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে এক বাংলাদেশি।
লিবিয়ার ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সংস্থাটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উদ্ধারকাজের ছবিও প্রকাশ করেছে।
ছবিতে দেখা যায়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।
উদ্ধারকৃত ১৭ জনের মধ্যে ১৪ জনের মরদেহ যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। এক বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্তের পর তা ত্রিপোলিতে থাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই মরদেহের পরিচয় এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালে নেটো-সমর্থিত বিদ্রোহে তৎকালীন একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।
বিএনএ/ওজি
![]()

